দিনাজপুরে ১৪ দলের মহাসমাবেশ সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা
আওয়ামী লীগসহ ১৪ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে উত্তরাঞ্চলীয় শহর দিনাজপুর শনিবার মিছিল, স্লোগান আর জনতার মহামিলন কেন্দ্রে পরিণত হয়েছে। জেলাজুড়ে ছিল উৎসবের আমেজ।
মহাসমাবেশস্থল গোরা শহীদ বড় ময়দানে নেমে আসে মানুষের ঢল। ময়দান ছাপিয়ে প্রায় দুই বর্গকিলোমিটার এলকা পরিণত হয় জনারণ্যে।
শেখ হাসিনাসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে আওয়ামী লীগের সাংগঠনিক বিভাগ রংপুরের আটটি জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্রাক, বাস ও ট্রেনযোগে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।
সকাল থেকেই দিনাজপুরের ১৩টি থানা এবং আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের মিছিল আসতে শুরু করে।
জোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতি নিয়ে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশে তারা সমাবেশস্থলে উপস্থিত হয়। ১৪ দলভুক্ত অন্যান্য দলের নেতাকর্মীরাও স্ব-স্ব দলের পক্ষে ব্যানার, ফেস্টুন নিয়ে সমবেত হয়।
১৪ দলের এ সমাবেশ উপলক্ষে দিনাজপুরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তিনদিন ধরে সমাবেশস্থল এবং শহরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতশ’ পোশাকধারী পুলিশসহ, দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকের দেড় সহস্রাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। বাইরে ছিল র্যাব ও বিডিআরের টহল। র্যাব সদস্যরা এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে মঞ্চ ও আশেপাশের মাটি পরীক্ষা করে।
সকাল থেকেই সভামঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। সমাবেশে আসা নেতাকর্মীদের সমাবেশস্থল এবং শহরের প্রবেশমুখগুলোতে চালানো হয় দেহ তল্লাশী।
সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের এই মহাসমাবেশ সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
