আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ শত শত গার্মেন্টস কর্মী, গোপনে লুকিয়ে ফেলা হল লাশ
২৩ ফেব্রুয়ারি ২০০৩ সন্ধ্যা ৬টা ৫০মি.। কালুরঘাট বিসিক শিল্পনগরী’র প্লট নং এস-৫৯।
ওভেন টেক্সটাইল এণ্ড এক্সেসরিজ ও কেটিএস টেক্সটাইল লিমিটেড এর ফ্যাক্টরি। চারতলা পাশাপাশি লম্বা দালান। কারাগারের মতো উঁচু পাঁচিলে ঘেরা ফ্যাক্টরিতে ওভারটাইম খাটছিল ১২শ’রও বেশি কর্মচারী। ভবনের বাঁ দিকে সরু সিড়ি। দু’জন পাশপাশি নামা যায় না। লোড শেডিং চলছে, চারপাশে অন্ধকার।
কুলসুম, মনিরা, বিলকিস এর মতো ক’জন বসে কাজের ফাঁকে অবসর সময়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে। ঘড়ির দিকে দৃষ্টি চলে যাচ্ছিল বারবার। বাড়ি ফিরতে হবে। পরদিন শুক্রবারও ওভারটাইম খাটতে হবে। হঠাৎই বিকট একটা শব্দ, জানালা দিয়ে তাকাতেই ধোঁয়ার কুন্ডুলী দেখা গেলো। এই ভবন থেকেই আকাশে কালো ধোঁয়া উঠে যাচ্ছে। পুরো ভবনজুড়ে তখন ছোটাছুটি, আগুন, আগুন বলে শতকন্ঠের চিৎকার। কোথাও পথ নেই। এরই মধ্যে চেষ্টা করেও সেই সরু সিড়ি পথের একমাত্র কলাপ্সেবল গেট খোলা যায়নি। কেবল কান্নার শব্দ আর গগনবিদারী চিৎকারে ভারী হচ্ছে বাতাস। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় আকাশ লাল হয়ে গেছে। জীবন্ত দগ্ধ হয়ে যাচ্ছে সহকর্মীরা। কিছুই করার নেই কারো।
বিদ্যুৎ বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী মঈন উদ্দিন এ সময় পাশের ভবনে দাপ্তরিক কাজে এসেছিলেন। আগুন দেখার সাথে সাথে ফায়ার ব্রিগেডে সংবাদ দেন তার মোবাইল থেকে। একই সাথে বিদ্যুৎ বিভাগে জানিয়ে দেন যেন বিসিক শিল্প নগরীর বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়।
চারিদিক থেকে শিল্প প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। এক পর্যায়ে সকলেই অসহায় হয়ে ওঠের আগুনের শক্তির কাছে। কোনভাবেই ভেতর থেকে বেরিয়ে আসতে পারেনি শ্রমিকদের অনেকেই।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টা পর্যন্ত জানালা দিয়ে ওড়না, শাড়ী ঝুলতে দেখা যায়। উপস্থিত দমকল বাহিনী সদস্যরা জানান, তারা লম্বা বাঁশ, বাঁশের সিড়ি লাগিয়ে দিয়ে অনুরোধ করেছিলেন যেন জানালা দিয়ে শ্রমিকরা নেমে আসতে পারে। পুরুষ শ্রমিকরা অনেকেই নেমেছিলেন ওই সিড়ি দিয়ে। নারী শ্রমিকরা কেউ কেউ নামতে চেয়েও পারেনি।
চট্টগ্রামের বিজিএমইএ নের্তৃবৃন্দ পরিদর্শনে এসেছিলেন। এসএম ফজলুল হক বললেন, জরুরী ভিত্তিতে আমরা এখানে ক্যাম্প বসানোর ব্যবস্থা করছি। সার্বক্ষণিক পাঁচজন প্রতিনিধি মনিটর করবে।
দুপুর ৩টায় সামরিক বাহিনী তিনটি লাশ উদ্ধার করে পর্দা দিয়ে ঢেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেলো।
সাড়ে ১২ শ’ শ্রমিকের মধ্যে অসংখ্য নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারনা, অনেক লাশ সরিয়ে ফেলা হয়েছে। লাশ নিয়ে রাজনীতির খেলায় বলি হয়েছেন অনেক ভাগ্যহীন শ্রমিক।
ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত বলেন, স্টাফদের নিরাপত্তার স্বার্থে কারখানা আইন ১৯৬৫ অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হলেও সেটা কখনও মানা হয়না।
তিনি বলেন, বারবার এ ধরণের দুর্ঘটনারও পরও মালিকরা পার পেয়ে যায়। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা সকলের সহযোগিতা চাই। সেই সাথে নিহতদের ১০ লাখ টাকা এবং আহতদের পাঁচ লাখ টাকা ক্ষতিপুরণ দিতে হবে।
প্রত্যক্ষদর্শীদের ক্ষুব্ধ মন্তব্যে প্রকাশ এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার পর পরই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কর্ণধার শোয়েব ইসলাম চৌধুরী দুর থেকে দেখে গেছেন তার প্রতিষ্ঠানের আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার সৎসাহস তার হয়নি।
