২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুক্রবার বলেছেন, চট্টগ্রামের কেটিএস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্যে প্রধানমন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধদের দেখতে প্রধানমন্ত্রী শুক্রবার হেলিকপ্টারে সিএমসিএইচে যান।

আহত শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কি ধরনের সহায়তা প্রয়োজন সে ব্যাপারে প্রধানমন্ত্রী জানতে চান।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন ইউনিট ইতোমধ্যে সিএমসিএইচে স্থানান্তর করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন ও কিভাবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সে ব্যাপারে জানতে চান।

মর্মান্তিক এ ঘটনার জন্যে দায়ী কারখানা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার কেটিএস কম্পোজিট গার্মেন্টস কারখানায় বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮৫ জন নিহত ও ৬৩ জন আহত হয়।

অবশ্য সরকারিভাবে মৃতের সংখ্যা ৫৩ বলা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর ৫৩ জনকে সিএমসিএইচ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।