চট্টগ্রামের ২টি সরকারি বিদ্যালয় শতাব্দীকাল ধরে সংখ্যালঘু শিক্ষার্থী ছাড়াই চলছে
সরকারের সুনির্দিষ্ট কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও দেশের ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন শিক্ষা পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের দুটি শতাব্দী প্রাচীন উচ্চ বিদ্যালয়ে সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত করা হচ্ছে।
শিক্ষা ক্ষেত্রেও এ ধরনের বৈষম্য যে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করেছে তাই-ই নয় এটি বাংলাদেশের সংবিধানেরও পরিপন্থী।
ওই বিদ্যালয় দুটিতে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের শিক্ষার্থী ভর্ত্তি হওয়ার সুযোগ পায়নি। সূত্র জানায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিষয়টি জানেন।
সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় ১৯০৫ সালে শুধুমাত্র মুসলমান শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত মুসলমান শিক্ষার্থী ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ নেই। অন্যদিকে হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় ১৩২ বছর পর এ বছরই বেশ কয়েকজন অন্য সম্প্রদায়ের শিক্ষার্থী ভর্তি করে সাম্প্রদায়িক অবস্থান থেকে সরে আসার চেষ্টা করেছে।
স্কুল দুটির কর্তৃপক্ষ জানায়, হাজী মোহাম্মদ মহসীন তহবিল পরিচালিত দুটি বিদ্যালয়ে শুধুমাত্র মুসলমান শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পান।
কিন্তু ১৯৬৩ সালে স্কুল দুটি সরকারিকরণ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত থেকে গেছে।
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে মুসলমান ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের শিক্ষকও নেই।
অন্যদিকে হাজী মোহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ে আটজন হিন্দু সম্প্রদায়ের শিক্ষক থাকলেও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কোনও শির্ক্ষাথী নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহায়তায় মহসীন উচ্চ বিদ্যালয়ের দু শিক্ষক জহর লাল ধর ও মোহন লাল বিশ্বাস বর্তমান শিক্ষাবর্ষে অন্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেন। তারা দুজনই এখন অবসরে।
মুসলমান সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্কুলে ভর্তির ক্ষেত্রে বাধা কোথায়- এ ব্যাপারে ওই দু বিদ্যালয়ের প্রধান শিক্ষদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনও নির্দেশ নেই।
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ ছফা বলেন, অন্য সম্প্রদায়ের শিক্ষার্থী ভর্তির ব্যাপারে কোনও বাধা বা সরকারি নির্দেশ নেই। যদি অন্য সম্প্রদায়ের কোনও শিক্ষার্থী ভর্তির জন্যে আসে তাহলে উচ্চ পর্যায়ের অনুমতি নেব।
এ ব্যাপারে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক রেহানারা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অন্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভর্তি না করার কোনও সুনির্দিষ্ট নির্দেশ নেই।
তিনি বলেন, বিষয়টি একটি রীতি হিসেবে চললেও তা দেশের আইন বিরুদ্ধ।
বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রানা দাস গুপ্ত সংবিধানের ২৮ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থান নিয়ে কোনও বৈষম্য করতে পারে না।
বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন বলেন, সরকারি শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সংবিধান পরিপন্থী।
