ইনকিলাবের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা
ইনকিলাব ভবন বন্ধক রেখে ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় ইনকিলাব গ্রুপ অব পাবলিক কোম্পানী এবং তার সহযোগী তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোনালী ব্যাংক মামলা করেছে।
ঢাকার ১ম অর্থঋণ আদালতে বুধবার দায়েরকৃত পৃথক তিন মামলায় ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা বিবাদীদের বিরুদ্ধে মোট ৯৪ কোটি টাকা দাবি করেছে।
বিবাদীরা হচ্ছেন, মেসার্স আর্শিয়া অ্যাপারেল লি., মেসার্স কাদেরিয়া পাবলিকেশন্স এণ্ড প্রোডাক্টস্ লি., মেসার্স রিভার সাইড লেদার এণ্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মরহুম মাওলানা মান্নানের স্ত্রী হোসনে আরা বেগম, কন্যা ফাতেমা আক্তার, পুত্র এএসএম বাকী বিল্লাহ, পুত্র মো. মঈনউদ্দীন এবং পুত্র এজেডএম সালাহউদ্দীন, কোম্পানীর বিদেশি পরিচালক স্টিফেন ফুংকা এবং বাংলাদেশী দুইজন জামিনদার।
বিবাদীরা সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল থেকে ১৯৯০ সালের ৩০ জানুয়ারি থেকে ৯৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্প ঋণ, সিসি হাইপো ঋণ এবং বিএসআরই ঋণ গ্রহণ করেন। কিন্তু মঞ্জুরি শর্ত অনুযায়ী ঋণ পরিশোধ না করায় ব্যাংক চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সুদসহ পৃথক তিন মামলায় মোট ৯৪ কোটি টাকা দাবি করে বন্ধকী সম্পত্তি বিক্রি করে এই টাকা আদায়ে মামলা করে।
ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডঃ গোলাম সারওয়ার মনি।
