চাঁদপুরে জলদস্যুদের গুলিতে পুলিশ কনস্টেবল নিহত, আহত আরও ৪ পুলিশ
চাঁদপুরের মেঘনা নদীর লগ্নীমারা চর এলাকায় বুধবার দুপুর পৌনে ১টার দিকে জলদস্যুদের গুলিতে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কনস্টেবল নিহত এবং ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম দুলাল মিয়া (৪৫)।
জলদস্যুরা পুলিশের একটি পিস্তল ও তিনটি বন্দুক লুট করে নিয়ে গেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, নদীতে ডাকাতি হচ্ছে খবর পেয়ে নৌ ফাঁড়ির ইনচার্জ নূরুল মুক্তাকিনসহ পাঁচ পুলিশ লগ্নীমারা এলাকায় গিয়ে একটি ট্রলারে থাকা ৬/৭জন ডাকাতকে চ্যালেঞ্জ করে তাদেরকে সারেন্ডার করতে বললে, ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। এতে নৌ পুলিশের কনস্টেবল দুলাল মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ফাঁড়ির ইনচার্জ মুক্তাকিন (৪০), কনস্টেবল আব্দুস সাত্তার (৪৮), তাজুল ইসলাম (৪৫) ও ওয়াসিম উদ্দিন (৩৮) গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন।
আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনার পর জলদস্যুরা পালিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
