বাগেরহাটে ৭টি হরিণের চামড়াসহ শিকারী গ্রেপ্তার
বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা থেকে সাতটি হরিণের চামড়াসহ এক হরিণ শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
আটককৃত শিকারীর নাম মতিন কাজী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশ মঙ্গলবার রাজৈর গ্রামে অভিযান চালিয়ে হরিণ শিকারীকে গ্রেপ্তার করে এবং তার বাড়িতে তল্লাশী চালিয়ে সাতটি হরিণের চামড়া উদ্ধার করে।
পুলিশ জানায়, মতিন কাজী সুন্দরবন থেকে হরিণ শিকার করে এসব চামড়া পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে প্রক্রিয়াজাত করছিল।
এ ব্যাপারে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
