২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে উদযাপনের নামে চট্টগ্রাম ডিসি হিল দখল করে নিয়েছে ইসলামী ছাত্রশিবির

মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের নামে মঙ্গলবার ভোর থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের সমর্থিত ইসলামী ছাত্রশিবির বন্দরনগরী চট্টগ্রামের ডিসি হিল উদ্যানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

মৌলবাদী শক্তি নগরীর পুরনো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ভেন্যু দখল করে নেয়ার ঘটনায় বন্দরনগরীর সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উদ্যানের স্থায়ী মঞ্চের সম্মুখে নতুন একটি মঞ্চ স্থাপনের মাধ্যমে ছাত্রশিবির উদ্যানের দখল নিয়ে নেয়। যদিও হিল উদ্যানটি প্রগতিশীল স্বাধীনতাপন্থি সাংস্কৃতিক শক্তি ‘একুশে মেলা উদযাপন পরিষদ ২০০৬’ কে বরাদ্দ দেয়া হয়েছিল।

একুশে মেলা পরিষদের নেতা-কর্মীরা মঙ্গলবার সকালে উদ্যানে এসে চট্টগ্রাম সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে ছাত্রশিবিরের হাতে মূল মঞ্চ দখল হতে দেখে হতবাক হয়ে যান।

ইসলামী ছাত্রশিবিরের তত্ত্বাবধানে সেখানে ছবি আঁকা, হাতের লেখা প্রতিযোগিতা এবং রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কবি আল মাহমুদের সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে শেষ পর্যন্ত কবিকে দেখা যায়নি।

ছাত্রশিবিরের দিনের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত শিবিরের বেশকিছু নেতাকর্মী সাদা পোশাকে উদ্যান ও উদ্যানের আশেপাশের এলাকায় কড়া নজরদারি বজায় রাখে।

সকাল ১১টার পর পুলিশি হস্তক্ষেপের কারণে ছাত্রশিবির উদ্যান ছেড়ে চলে যায়।

পরবর্তীতে একুশে মেলা পরিষদের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে শিবিরের উদ্যান দখলের ঘটনার তীব্র নিন্দা জানান।

পরিষদের সদস্য সচিব ও প্রখ্যাত সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামাত জোট সরকারের নীলনকশা প্রকারান্তরে মহান একুশের পবিত্রাকে অপবিত্র করেছে।