বাগেরহাটে ইউনিয়ন বিএনপি সভাপতি খুন
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউনিয়ন বিএনপি সভাপতিকে সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
নিহত বিএনপি নেতার নাম সরোয়ার হোসেন হাওলাদার (৫০)।
এ ঘটনায় পুলিশ হারুন হাওলাদার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সরোয়ার হোসেন হাওলাদার সোমবার রাতে স্থানীয় ফুলহাতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দূর্বৃত্তরা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি মাছের ঘেরের পাশে ফেলে রেখে যায়।
রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত সরোয়ার হোসেনের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ বহরবুনিয়া গ্রামে। তিনি বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
