২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের প্রতি জাতির প্রাণঢালা শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি প্রাণঢালা শ্রদ্ধা নিবেদন এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠিকে নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতি মঙ্গলবার পালন করে অমর একুশে শহীদ দিবস। ৫২’র একুশে স্মরণে সারা বিশ্বে দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদৌস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 12:33 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’’- গানটি সমবেত স্বরে গাইতে গাইতে সকল বয়স- ধমর্ - বর্ণের লাখো মানুষ নগ্ন পদে বুকে কালো ব্যাজ পরে ফুলে ফুলে ভরিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার।

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা অন্য কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার কোন হুমকি না থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

শহীদ স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ। তিনি রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনে নিহত সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউর এবং অন্যান্যের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রপতিকে অনুসরণ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুস্পস্তবক অর্পণ করেন। তিনিও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরপরই মন্ত্রিপরিষদের সদস্যরা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, মেয়র সাদেক হোসেন খোকা, কুটনীতিক মিশনের প্রধানরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট এবং এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাবির বিভিন্ন হলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি আওয়ামী লীগ এবং ১৪ দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় আওয়ামী লীগ এবং ১৪ দল নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এরপর সর্বস্তরের জনগন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে আসে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য যেসব বিশ্ববিদ্যালয় পুষ্পস্তবক অর্পণ করে তাদের মধ্যে ছিলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ- সাউথ ইউনিভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। ঢাবির বিভিন্ন হলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয।

অন্যান্য সংগঠনের মধ্যে ছিলো জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী আইন ছাত্র পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি, জাতীয় যুব জোট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব ইউনিয়ন, জাতীয় ছাত্র ঐক্য, জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, জাতীয় শ্রমজীবী পার্টি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাবি সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেসক্লাব।

এছাড়াও বিবেকানন্দ শিক্ষা ও সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ, বিজ্ঞান চেতনা পরিষদ, নীলফামারি উন্নয়ন সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধ প্রজন্ম, পাহাড়ি ছাত্র পরিষদ, জাতীয় শ্রমজীবী পাার্টি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, প্রগতির পরিব্রাজক দল, আমরা সেই ৭১এর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী, ঢাকা আইনজীবী সমিতি, গণস্বাস্থ্য কেন্দ্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, নজরুল ইনস্টিটিটিউ, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু লেখক পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন, ডেমোক্রেসি ওয়াচসহ অসংখ্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

ব্যক্তিগতভাবেও অনেকে পরিবার পরিজন নিয়ে প্রভাতফেরীতে অংশ নেন। উল্লেখযোগ্য সংখ্যক শিশু তাদের মা- বাবার সঙ্গে শহীদ মিনারে আসে।

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদরা ছাড়াও বিদেশীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের নাগরিকরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

রাজধানী ছাড়াও চট্টগ্রাম সিলেট, খুলনা, রাজশাহী বরিশালসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি। লাখো জনতা প্রভাত ফেরীতে খালি পায়ে গান গেয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলে বিডিনিউজের জেলা ও থানা প্রতিনিধিরা টেলিফোন, ফ্যাক্স ও ইমেইলের মাধ্যমে জানিয়েছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা শহীদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ উপলক্ষে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আওয়ামী লীগ, ১৪ দল, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (এরশাদ) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পৃথক পৃথক বাণী দেন। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। সরকারি- বেসরকারি রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়।

দিনটি ছিলো সরকারি ছুটির দিন। এদিন সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। উড়ানো হয় শোকের প্রতীক কালো পতাকা।

১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার দাবিতে এবং উর্দুকে পাকিস্তানের একমাত্র ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্ররা ঢাকার রাস্তায় নেমে আসে। পাকিস্তানি শাসকের ঘাতক বুলেটে প্রাণ দেয় সালাম, জব্বার, বরকত, রফিকসহ বেশ কয়েকজন। রক্ত দিয়ে আদায় হয় মাতৃভাষার অধিকার।

অমর একুশের পথ ধরেই ১৯৭১ সালে জন্ম নেয় বাংলাদেশ।

একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। বিশ্বের ১৮৮টি দেশ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। ভাষার বৈচিত্র্য ও বহু ভাষায় শিক্ষা উন্নয়নের জন্যে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই স্বীকৃতি দেয়। সেই থেকে ২১ ফেব্রুয়ারি শুধু শহীদ দিবস কিংবা শুধু শোকের কিংবা চরম আত্মত্যাগেরই দিনই নয়। ২১ ফেব্রুয়ারি আমাদের গর্বের দিন। ২১ ফেব্রুয়ারি নতুন শপথ গ্রহণের দিন।