বিদ্যুৎ, পানি নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের পর ২ মার্চ পর্যন্ত চুয়েট বন্ধ ঘোষণা
বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবিতে বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের মধ্যে সোমবার সংঘর্ষের প্রেক্ষিতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আগামী ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
নতুন করে সংঘর্ষ এড়াতে চুয়েট কর্তৃপক্ষ সোমবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে সকল আবাসিক শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে।
বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবিতে হলে হলে বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদল কর্মীরা রোববার রাত ২টার দিকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দু’ঘন্টা ধরে তাদের মধ্যে সংঘর্ষ চলে।
উত্তেজিত ছাত্ররা সোমবার সকালে আবারও সমবেত হয়ে মিছিল বের করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করে ও মিছিল থেকে বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে স্লোগান দিলে পরিস্থিতির আরো অবনতি ঘটে।
চুয়েট উপাচার্য সোমবারই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্র কল্যাণ ইউনিয়নের উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ রাখা ও সকল আবাসিক শিক্ষার্থীকে সোমবার বিকেল ৫টার মধ্যে হল ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, গত তিন ধরে একটি ছাত্রী হলসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে হলের ১,৮০০ আবাসিক শিক্ষার্থীর জীবন দুর্বিষহ হয়ে পড়ে।
চুয়েটের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পানি ব্যবস্থাপনা প্লান্ট থাকার পরও বিদ্যুৎ সরবরাহ নিয়মিতভাবে বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করতে পারছে না।
