একুশে ফেব্রুয়ারির নিরাপত্তায় শহীদ মিনারে র্যাবের মহড়া
একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালার কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব) রোববার কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশেপাশে প্রস্তুতি মহড়া দিয়েছে।
র্যাবের প্রায় ২০০ চৌকস সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরকে কেন্দ্র করে আধা ঘন্টাব্যাপী এ মহড়ায় অংশ নেয়।
পুরো এলাকা ঘিরে রেখে র্যাব সদস্যরা অত্যাধুনিক অস্ত্র, হিডেন ক্যামেরাসহ বিভিন্ন গোপন সরঞ্জাম ব্যবহার করে মহড়া দেয়।
র্যাবের সদস্যরা ‘সার্চ মিরর’ এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এলাকায় প্রতিটি স্থান তন্নতন্ন করে তল্লাসি চালায়।
এছাড়াও ডগ স্কোয়াডের ১০টি কুকুর কোনও ধরনের ধংসাত্মক দ্রব্য খুঁজতে শহীদ মিনারের চারদিকে ঘুরে বেড়ায়।
চারুকলা ইনস্টিটিউটের ১৫ জন শিক্ষার্থীকে এসময় র্যাবের মহড়ার চিত্র আঁকতে দেখা যায়।
র্যাবের ক্যাপ্টেন মিজান মহড়া পরিচালনা করেন। এসময় র্যাবের অন্য সদস্যরা বাঁশি বাজিয়ে মটর সাইকেলে করে এলাকা প্রদক্ষীণ করতে থাকে।
একুশের ফেব্রুয়ারি ভাষা দিবসে যে কোনও নাশকতামূলক ঘটনা বা জঙ্গি তৎপরতা এড়াতে কড়া নজরদারির লক্ষ্যে র্যাব ইতোমধ্যেই শহীদ মিনার চত্তরের চারিদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসিয়েছে।
মহড়া উপলক্ষ্যে রোববার ভোরে শহীদ মিনার এলাকা থেকে অস্থায়ী চা-দোকানগুলো উচ্ছেদ করা হয়।
একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন আইন শৃংখলা বাহিনী যেমন পুলিশ, র্যাব, আনসার, বিডিআর’র ৮ হাজার সদস্য মোতায়েন করা হবে।
