২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার খ্রিস্টান পল্লী দখল: এলাকাবাসী এক দখলদারকে ধাওয়া করেছে

সাভার উপজেলা সদর ইউনিয়নের মিটন কৃষ্ণপুর গ্রামের খ্রিস্টান পল্লীর ৯ দশমিক ৮৩ একর জমি দখলের দু’দিন পর ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের সামনে এক দখলদারকে ধাওয়া করে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

গ্রামের নারী, শিশু, বৃদ্ধসহ বিপুল সংখ্যক মানুষ গত দু’দিন কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা শতবর্ষের পুরনো ভিটা থেকে উচ্ছেদ হয়ে খোলা আকাশের নিচে রাত কাটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই জমির দখলদার বাংলাদেশ থাই মাল্টিপল এগ্রো ফিসারিজ প্রা. লি.-এর মালিকের ভাই মির্জা নুরুল ইসলামের এক মন্তব্যে ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা আরো জানান, এলাকাবাসীর ধাওয়া খেয়ে নুরুল ইসলাম মাইক্রোবাসে চড়ে দ্রুত সেখান থেকে চলে যান।

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের মন্তব্যটি ছিলো- ‘গরীবের বউ সকলের ভাবি’। এ-টি এলাকাবাসীর ক্ষোভ বাড়িয়ে দেয়।

তারা পুলিশের সামনেই তাকে মারতে উদ্যত হয়।

সূত্র জানায়, মিটন কৃষ্ণপুর গ্রামবাসীদের তাদের ভিটেবাড়ি থেকে উৎখাতের পর বর্তমানে সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

খ্রিস্টান পল্লীর একশ’র মতো পরিবারকে বৃহস্পতিবার প্রভাবশালী একটি মহল কয়েকশ’ পুলিশের সহায়তায় উচ্ছেদ করে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দখল কিংবা উচ্ছেদের ঘটনার সঙ্গে জড়িত নন।