কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়েছে, অল্পের জন্যে রক্ষা পেল ৩৬২ শিশুর প্রাণ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরলেংটা রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ শনিবার সকালে হঠাৎ ধসে পড়ে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকাল ৮টায় বিকট শব্দে বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়ে। স্কুল বসার পূর্ব মুহূর্তে ভবনের ছাদ ধসে পড়ায় স্কুলের ৩৬২ জন শিশু অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে প্রধান শিক্ষক জানান।
১৯৯৪ সালে চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় ভবনটি নির্মিত হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও মোঃ জাফর আলম বিডিনিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুর রসুল বলেন, বিষয়টি শুনেছি। তবে তিনি ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
