২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতীতের মত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমনওয়েল মহাসচিবের প্রত্যাশা

বাংলাদেশের তত্তাবধায়ক সরকার ব্যবস্থাকে গ্রহণযোগ্য উপায় হিসেবে আখ্যায়িত করে সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড সি ম্যাককিনন বৃহস্পতিবার পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন একই ব্যবস্থার আওতায় অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠক থেকে বেরিয়ে এসে ডন ম্যাককিনান সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করেন।

ম্যাককিনন বলেন, বাংলাদেশ গ্রহণযোগ্য তত্তাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এটি ইতোমধ্যে তিনবার কার্যকর হয়েছে এবং আবারও তাই হবে। জনগণ এ ব্যাপারে আগ্রহী।

এক প্রশ্নের জবাবে ম্যাককিনান বলেন, জনগণ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে চায় এবং নির্বাচনের ব্যাপারে তারা উচ্ছসিত। এটি গণতন্ত্রের জন্য একটি ভাল লক্ষণ।

ম্যাককিনন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বাংলাদেশে কমনওয়েলথ কর্মসূচিসহ বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথের সহযোগিতায় বাংলাদেশে এখন বেশ কিছু টেকনিক্যাল কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তারা বাংলাদেশের জনগণকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে চান।

ম্যাককিনন দরিদ্রতা বিমোচন ও নিরসনে সচেতনতা বাড়াতে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন।

ম্যাককিনান বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সাথেও তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।