২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের চলতি অধিবেশনের মেয়াদ আরো ৫ কার্যদিবস বৃদ্ধি

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের দাবির ফলে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ আরো পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পিকার জমির উদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহান একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে সংসদের বৈঠক ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ২২ ফেব্রুয়ারি থেকে বৈঠক আবারো শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দু’বেলা অধিবেশন চলবে। মাঝে শুক্র ও শনিবার দু’দিন কার্যক্রম বন্ধ থাকবে।

কমিটি সূত্রে জানা যায়, এ সময় রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর পূর্বে নির্ধারিত ২০ ঘন্টার সাথে আরো ১০ ঘন্টা যোগ করে মোট ৩০ ঘন্টা আলোচনা করা হবে।

প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১-৩০ মি. এবং বিকেল ৪-৩০ মি. শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, অ্যাড. মো. আব্দুল হামিদ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, এম ওবায়দুর রহমান, বিরোধী দলীয় নেতার পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত এবং শিল্প মন্ত্রীর পক্ষে মাওলানা আব্দুস সুবহান অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, বিরোধী দলের পক্ষ থেকে আনা ৬২ ও ৬৮ বিধির মূলতবি প্রস্তাবগুলো কার্য উপদেষ্টা কমিটিতে গ্রহণ করা হয়নি। ফলে নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আনা প্রস্তাবগুলো নিয়ে এ অধিবেশনেও আলোচনা করার কোন সুযোগ হবে না।

ওই নয়টি বিষয় হচ্ছে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ও বোমা হামলা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, সার ও ডিজেলের মূল্য বৃদ্ধি,সাবেক অর্থ মন্ত্রী কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ড।