সংরক্ষিত এলাকা ঝুঁকিমুক্ত না হলে আইসিএও থেকে জিয়া বিমানবন্দর বাদ
আগামী মার্চের মধ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ফ্লাইট চলাচল ঝুঁকি মুক্ত করা না হলে আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল (আইসিএও) সংগঠন থেকে জিয়া বিমানবন্দরকে বাদ দেওয়া হবে।
বেসরকারি বিমান চলাচল সূত্র জানায়, আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংগঠন থেকে সরকারকে বারবার তাগিদ দেওয়ার পর বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ১১১ টি উঁচু ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে কালো তালিকাভুক্ত করে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কালো তালিকাভুক্ত ভবনগুলো পর্যায়ক্রমে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়।
রাজউক ১৯৯৯ সাল থেকে ভবন চিহ্নিত করা শুরু করে এবং প্রথম পর্যায়ে ১৭ টি ভবনকে ভেঙ্গে ফেলার বিষয় চূড়ান্ত করে। আটটি ভবন ভাঙ্গার পর প্রভাবশালী মহলের চাপের মুখে ভাঙ্গার প্রক্রিয়া থেমে যায়।
রাজউকের পক্ষ থেকে ভবনগুলো ভেঙ্গে ফেলার ব্যাপারে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এজন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
বেসরকারি বিমান চলাচল সূত্র জানায়, আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংগঠন ছাড়াও খ্যাতনামা এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকেও বিমান চলাচলের ব্যাপারে আপত্তি উঠেছে।
সূত্রটি আরও জানায়, চলতি মাসের মধ্যে রাজউক ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু না করলে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
বিমানবন্দরের দুই কিলোমিটারের মধ্যে ১৫০ ফুটের উচু ভবন নির্মাণ করতে হলে সিভিল এভিয়েশনের অনুমতি লাগে।
বিমান উড্ডয়নের পথে ২০ ফুটের উচ্চতর কোনও ভবন রাখা যাবে না। এ নিয়ম ভঙ্গ করে ভবনগুলো তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ৭৫ টির ও বেশি ফ্লাইট ওঠানামা করে।
