সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের আলোচনার ওপর জোর দিলেন ডাচ মন্ত্রী
আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করতে সরকার বিরোধী দলের সাথে আলোচনা শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন নেদারল্যান্ডের সফররত উন্নয়ন ও সমবায় মন্ত্রী অ্যাগনেস ভন আরডিন-ভন ডের হোভেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের কার্যালয়ে এক বৈঠকের পর বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের এই সংঘাতমূলক রাজনীতির পরিবর্তন দরকার। বিরোধী দলকে অবশ্যই সরকারের সাথে সংসদে আলোচনায় বসতে হবে।
ডাচ মন্ত্রী বাংলাদেশে বিরাজমান গণতান্ত্রিক অবস্থার প্রশংসা করেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে সুশাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের অন্যান্য সেক্টরে অনেক সাফল্য রয়েছে, এটা খুবই আশার কথা। সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে ব্যাষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের সাথে প্রায় আধ-ঘণ্টা স্থায়ী বৈঠকে অ্যাগনেস আরডিন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ে আলোচনা করেন।
