২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসবেস্টাস ব্যবহৃত ফরাসি জাহাজ ‘এসএস নরওয়ে’ বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত

মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ অ্যাজবেস্টাস ব্যবহার করা ফ্রান্সের পণ্যবাহী জাহাজ ‘এসএস নরওয়ে’ বাংলাদেশে আমদানির ক্ষেত্রে ডব্লিউটিও, আইএলও ও বাসেল কনভেনশন অনুসরন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃ মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এই সভায় স্বরাষ্ট্র, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং শিপিং ও চট্রগ্রাম বন্দর কতৃপক্ষ, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালযসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সুত্র জানায়, ডব্লিউটিও নিয়ম অনুযায়ী পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতির কারণ হতে পারে এমন কোনো জাহাজ আমদানি নিষিদ্ধ করা যেতে পারে বলে সভায় উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সভায় জাহাজ আমদানির ব্যাপারে বলেন, অ্যাজবেস্টাস ধ্বংস করার প্রযুক্তি বাংলাদেশে নেই এবং আমদানির জন্যে প্রস্তাবিত জাহাজটি পৃথিবীর অন্যতম বড় জাহাজের একটি যার ওজন ৪৬ হাজার মেট্রিক টন। এটি চট্রগ্রাম চ্যানেলে প্রবেশ করলে অনেক সমস্যা হবে।

তিনি আরও জানান, জাহাজটি না কেনার জন্য ইতিপূর্বে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালিককে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

অ্যাজবেস্টাস দিয়ে প্রস্তুতকৃত ‘এসএস নরওয়ে’ বাংলাদেশে কাটা হলে আশপাশের ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকার এর ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। যা মানুষের ক্যান্সারের কারণ হতে পারে বলেও সভায় মত প্রকাশ করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ‘এসএস নরওয়ে’ আমদানি না করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে এলসি না খোলার ব্যবস্থা এবং নৌবাহিনী, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড কর্তৃপক্ষকে জাহাজটি বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়াসহ বাংলাদেশ পরিবেশ আইন এবং ডব্লিউটিও, আইএলও এবং বাসেল কনভেনশন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, অ্যাজবেস্টাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে প্রমাণিত হওয়ায় আইএলও এর সনদ অনুযায়ী ১৯৮৬ সালের ২৪ জুন থেকে বিশ্বব্যাপী এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।