রাইফেলস সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
রাইফেলস সপ্তাহ ২০০৬ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাইফেলস সপ্তাহ ২০০৬কে সামনে রেখে বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গর্বিত সৈনিক হিসেবে বিডিআর জোয়ানরা মুক্তিযুদ্ধের সময় যে অবদান রেখেছে, জাতি তা সবসময় স্মরণ করবে।
তিনি দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিডিআরের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
সীমান্ত রক্ষায়, চোরাচালান রোধে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিডিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
রাইফেলস সপ্তাহ পালনের মধ্য দিয়ে বিডিআর সদস্যদের মধ্যে দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠা আরও জোরদার হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি রাইফেলস সপ্তাহ ২০০৬-এর সার্বিক সাফল্য এবং বাংলাদেশ রাইফেলস’র অব্যাহত অগ্রগতি কামনা করেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক এক বাণীতে বলেন, বাংলাদেশ রাইফেলস সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করায় বিডিআরের দুই সদস্যকে গৌরবময় বীরশ্রেষ্ঠ পদক প্রদান করা হয়েছে। তাদের অবদানের কথা জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে এবং বিডিআরের সকল সদস্যের জন্যে তারা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
জাতিসংঘ শান্তি কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে বিডিআর বিশ্বের কাছে দেশের গৌরব বৃদ্ধি করেছে বলে প্রধানমন্ত্রী জানান।
রাইফেলস সপ্তাহ বিডিআর সদস্যদের আরও দক্ষতার সাথে কর্তব্য পালন এবং সততা ও ত্যাগ স্বীকারে উৎসাহিত করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী রাইফেলস সপ্তাহ ২০০৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।
