জেলা পর্যায়ের ২১২টি বিচারকের পদ শূন্য: আইনমন্ত্রী
বর্তমানে দেশের জেলা পর্যায়ের মোট ২১২টি বিচারকের পদ শূন্য রয়েছে। আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বুধবার জাতীয় সংসদে এ কথা জানান।
মুহাম্মদ গিয়াসউদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১১টি জেলা জজ, ৩৩টি অতিরিক্ত জেলা জজ, ২৮টি যুগ্ম জেলা জজ এবং ১৪০টি সহকারী ও সিনিয়র সহকারী জজের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের প্রক্রিয়া চলছে।
এমএম শাহীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন প্রণয়নের পর এ পর্যন্ত ওই আইনে ৮ হাজার ২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪৯৪টি নিস্পত্তিকৃত মামলায় আট হাজার ৯৫৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে তিনি জানান, গরু চোরদের কবল থেকে কৃষকদের রক্ষা করতে কোনো সুর্নিদিষ্ট আইন প্রণয়নের পরিল্পনা সরকারের নেই।
মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিএসসির মাধ্যমে আইনজীবী নিয়োগে সরকারি অ্যাটর্নী সার্ভিস প্রতিষ্ঠার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সার্ভিস প্রতিষ্ঠা হলে পিএসসির মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি আইনজীবী নিয়োগের ব্যবস্থা নেয়া হবে।
