কুষ্টিয়ায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুষ্টিয়ায় রাষ্ট্রীয় ভাতা প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ শফিবুর রহমান খোকনকে সোমবার চরমপন্থী সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
কুষ্টিয়া সদর উপজেলার মাজিলা শেখপাড়া বাজারের কাছে রাস্তার উপর এ হত্যাকান্ড ঘটনো হয়।
৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী এ বীর সেনা হত্যাকান্ডের ঘটনায় জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে মুক্তিযোদ্ধা খোকন কুষ্টিয়া সদর উপজেলার পাটিয়াবাড়ি বাজার থেকে বাইসাইকেল যোগে ফেরার পথে বাড়ির অদুরে রাস্তার উপর আগে থেকে ওঁত পেতে থাকা একদল চরমপন্থী সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান দিকে কোপ দেয় এবং পরে বুকে ও পিঠে দু’টি গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার উপর লাশ ফেলে রেখে চলে যায়।
মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে জোহরের নামাজের পর নিজ গ্রাম মাজিলা ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে তাকে দাফন করা হয়। মঙ্গলবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের একাংশ কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পুলিশ এ হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত তা এখনো উদঘাটন করতে পারেনি এবং কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
