মঙ্গার বরাদ্দ দিয়ে কর্মীদের পাঞ্জাবী কিনে দেওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর অস্বীকার
উত্তরবঙ্গে গত মঙ্গা মৌসুমে কুড়িগ্রামের জন্য বিশেষ বরাদ্দকৃত ৩০০ মেট্রিক টন চাল বিক্রি করে দলীয় সদস্যদের জন্য পাঞ্জাবী কিনে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের সাংসদ মির্জা আজম প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, মঙ্গা মোকাবেলায় ভিজিএফসহ পর্যাপ্ত খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। এসময় বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে সেখানে “লংগরখানা” খোলার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য সাধিত না হওয়ায় বিরোধী দলীয় নেত্রীর সফরসঙ্গী কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে প্রনোদিতভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ওই মৌসুমে সেখানে কোন মানুষের না খেয়ে মৃত্যু হয় নাই তবে বিরোধী দলীয় নেত্রীর গাড়িবহরের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে।
গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে দেশে ৮৭২ হাজার মেট্রিক টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মিজানুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে খাদ্য চাহিদা দুই কোটি ৩০ হাজার লাখ ১৩ হাজার টন। এ বছর খাদ্য উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৭১ লাখ ৬৭ হাজার মেট্রিক টন।
