গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ কাজ মার্চে শুরু হবে
স্থাপনা অক্ষত রেখে মার্চের প্রথম সপ্তাহে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাই ওভার নির্মাণ সক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা সিটি করর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, জ্বালানি উপদেস্টা মাহমুদুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উপাচার্য (ভিসি) ড.মো. আলী মূর্ত্তাজাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকার্তারা।
ইতোপুর্বে ফ্লাইওভার নির্মাণের সময় ডেসা, ওয়াসা, তিতাস গ্যাস এবং টিএন্ডটিসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের স্থাপনাসমূহ অপসারণ করে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়।
প্রথম পর্যায়ে অপসারণের ব্যয় ২৫ কোটি টাকা ধরা হলেও পরবর্তীতে তা ১২৬ কোটি টাকা দেখানো হয়।
সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ইউটিলিটি লাইন স্থানান্তরের প্রকৃত ব্যয় নির্ধারণ, ব্যয়ের হিসেব বেড়ে যাওয়ার কারণ ও দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি’র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির উপস্থাপিত রিপোর্ট মঙ্গলবারের সভায় অনুমোদন করা হয় এবং তার ভিত্তিতে
স্থাপনা অপসারণ ছাড়া ফ্লাইওভার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়ার বিষয় চুড়ান্ত করা হয়।
নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা-একম অ্যান্ড অ্যাসোসিয়েট লি. মার্চের প্রথম সপ্তাহে তাদের কার্যক্রম শুরু করবে বলে সূত্র জানায়।
