চাঞ্চল্যকর ৭টি হত্যা মামলার চার্জ গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক হত্যা এবং বাড্ডায় চার ব্যক্তি খুনসহ চাঞ্চল্যকর সাতটি হত্যা মামলায় চার্জ গঠনের জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) কর্র্তৃক সারা দেশে বোমা হামলার ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের মনিটরিং সেলের ৪৭তম বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব এমএ হালিম, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান, স্বরাষ্ট্র সচিব সরফরাজ হোসেন ও পুলিশের আইজি এমএ কাইয়ুম উপস্থিত ছিলেন।
এছাড়াও এ বৈঠকে বেশির ভাগ চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু তাহের হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে এক মাসের মধ্যে চার্জশিট গঠন ও দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
একই বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষক মোহাম্মদ ইউনুস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকেও যত দ্রুত সম্ভব চার্জশিট গঠন করতে বলা হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, মনিটরিং সেল বরিশালে অ্যাডভোকেট পাপিয়া হত্যা, ঢাকার কাফরুলে মতিঝিল থানার ওসি কর্তৃক মোমিন হত্যা, মোহাম্মদপুরে ছাত্রদল নেতা সজল হত্যা, বাড্ডার চার খুন এবং ফেন্সি হত্যা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, এসব মামলার তদন্তে বেশ অগ্রগতি সাধিত হয়েছে এবং অভিযুক্ত অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নেত্রকোনা, গাজীপুর, চাঁদপুর, সাতক্ষীরা ও ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে জেএমবির বোমা হামলা সংক্রান্ত চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদেরকে দ্রুত চার্জশিট গঠন করতে বলা হয়েছে বলে তিনি জানান।
তবে বৈঠক সূত্র জানায়, তদন্তকারী কর্মকর্তারা নির্ভুলভাবে চার্জশিট গঠনের জন্যে আরও সময় চেয়েছেন।
