২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবী (স.) এর অবমাননা: ডেনমার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসির প্রতি তরিকত ফেডারেশনের আহ্বান

পত্রিকায় মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের মাধ্যমে ডেনমার্কসহ যে ইউরোপীয় দেশগুলো তার অবমাননা করেছে ও মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) সোমবার জাতিসংঘ ও ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন যে দেশের পত্রিকাগুলো ছেপেছে, সে সব দেশের পণ্য বর্জন করতে তরিকত ফেডারেশন মুসলমানদের প্রতি আহ্বান জানায়।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের উদ্যোগে পবিত্র মহররম উপলক্ষে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ফেডারেশন নেতৃবৃন্দ এ দাবি ও আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা মুহাম্মদ (স.) এর প্রতি অবমাননার বিরুদ্ধে কঠোর আইন পাস করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তারা ক্ষমতাসীন জোট সরকার ও জামায়াতে ইসলামীকে নব্য এজিদ ও ইসলামের শত্রু বলে আখ্যায়িত করেন।

ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চের আইনজীবী ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, বিকল্প ধারা মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি।

আলোচনা সভায় তরিকত ফেডারশনের মহাসচিব জাকির হোসাইন, প্রেসিডিয়াম সদস্য শাহজাদা সৈয়দ গোলাম মুসাব্বির হোসাইনী চিশতী, মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে মুহাম্মদ (স.) এর প্রতি অবমাননার প্রতিবাদে বিকেল ৫টায় একটি মিছিল বের হয়ে তা রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাইকোর্ট মাজার প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।