২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইসলামাবাদে ভুমিকম্প ত্রাণ শিবির পরিদর্শন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামাবাদ সফরকালে সোমবার ভূমিকম্প দুর্গতদের ত্রাণ শিবির পরিদর্শন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কাশ্মীরে পাকিস্তান ও ভারতের কিছু অংশে সম্প্রতি ভূমিকম্প আঘাত হানার পরপরই দূর্গতদের রাজধানী ইসলামাবাদের এ শিবিরে স্থানান্তর করা হয়।

ঢাকায় প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রধানমন্ত্রী ভূমিকম্প দুর্গত শিবিরে তুরস্কের রেডক্রিসেন্টের সহায়তায় প্রতিষ্ঠিত একটি ক্ষুদ্র হাসপাতাল ও স্কুল পরিদর্শন করেন এবং সেগুলোর সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

স্কুলটি পরিদর্শনকালে শিশু শিক্ষার্থীরা পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশের পতাকা নাড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। উল্লসিত শিশুরা প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ছবি তুলে।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তুরস্কের রেড ক্রিসেন্টের সহযোগিতায় প্রতিষ্ঠিত হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসারত শিশুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

ভূমিকম্প দুর্গত শিবিরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নাসির খান।

সিডিএ চেয়ারম্যান কামরান লাশারি প্রধানমন্ত্রীকে দাতা সংস্থা ও দাতা দেশ ও এনজিওর সহযোগিতায় পাকিস্তান সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আজাদ কাশ্মির ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে ভূমিকম্প আঘাত হানার পরপরই ইসলামাবাদে ১২ টি শিবির গ্রাম গড়ে তোলা হয় এবং দুর্গতদের সেখানে পুনর্বাসিত করা হয়। প্রধানমন্ত্রী সেসব শিবিরের মধ্যে এইচ-১১ শিবিরটি ঘুরে দেখেন।

আট অক্টোবরের সেই ভয়াভহ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭৩ হাজার লোক নিহত হয় এবং ৩৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী ভূমিকম্প দুর্গতদের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন।

শীতের পর পুনর্বাসন কার্যক্রমের একটি পর্যায় পাকিস্তান সরকার শুরু করবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ইতোমধ্যেই কিছু লোক ভূমিকম্প কবলিত এলাকায় ফিরে যেতে শুরু করেছে বলেও তাকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী শিবিরের শিশুদের শিক্ষার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে গৃহীত কার্যক্রমের খোঁজখবর নেন।

এইচ-১১ আবাসন শিবির ছাড়া অপর শিবিরগুলো বন্ধ ছিল এবং সেগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এইচ-১১ এর এক হাজার ৫৬৮ টি শিবিরে ১১ হাজার লোককে পুনর্বাসিত করা হয়েছে এবং তাদের প্রায় অর্ধেকই শিশু।