২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আরিফের ১৬৪ ধারায় জবানবন্দি: ২৯ নভেম্বর গাজীপুরে আত্মঘাতী হামলাকারী শরীয়তউল্লাহ

২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর বার লাইব্রেরিতে আত্মঘাতী হামলাকারী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর এহসার সদস্য মোঃ শরীয়তউল্লাহ। আত্মঘাতী হামলায় নিহত হওয়ার দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর গাজীপুর আদালতে গ্রেপ্তারকৃত দুই জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে পুলিশ শরীয়তউল্লাহ’র পরিচয় সম্পর্কে এখন অনেকটাই নিশ্চিত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শরীয়তউল্লাহ’র (২৩) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবপুরে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আরিফ ওরফে আসিফ ওরফে আকাশ বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্র্রেট শরফউদ্দিন আহমদ চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরের মাসুদ ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবির মুরাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পুলিশ সূত্র জানায়, আরিফ ও মাসুদের জবানবন্দির মধ্যে খুঁটিনাটি সকল বিষয়ে মিল রয়েছে। দু’জনই ২০০৫ সালের ১৭ আগস্ট, ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বরের বোমা বিস্ফোরণের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

স্বীকারোক্তিতে আরিফ জানায়, ১৭ আগস্ট সে নিজ জেলার প্রশাসন চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয়ের নিচে সিঁড়ির কাছে বোমা হামলা চালায়। ২৯ নভেম্বর গাজীপুর বার লাইব্রেরি মিলনায়তনে বোমা হামলার দু’দিন আগে এনায়েতউল্লাহ জুয়েলের চান্দনা চৌরাস্তা এলাকার তেলিপাড়ার ভাড়া বাসায় বোমাগুলো তৈরি করা হয়। এ সময় সে (আরিফ) ছাড়াও সেখানে গাজীপুর শহরের বিলাসপুরের নিজামউদ্দিন রেজা (আসল বাড়ি বাগেরহাটের মোল্লার হাটে), এমএ ছিদ্দিক বাবলু, চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরের মাসুদ উপস্থিত ছিল।

আরিফ জানায়, এনায়েতউল্লাহ জুয়েলকে বোমা তৈরিতে আরেক এহসার সদস্য তৈয়বুর সাহায্য করে। বোমা তৈরির সময় বিস্ফোরণের আশঙ্কা থাকায় রাতে ওই কক্ষ থেকে এনায়েতের স্ত্রী স্বপ্না ও তাদের তিন বছরের শিশুপুত্রকে অন্য কক্ষে সরিয়ে নেয়া হয়।

সে আরো জানায়, ১ ডিসেম্বর ফ্লাস্কবোমা হামলায় ব্যবহৃত ফ্লাস্কটি সে নিজে কিনেছে এবং হামলার সমস্ত পরিকল্পনা আতাউর রহমান সানির নির্দেশে হয়েছে।

উল্লেখ্য, সানি জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ছোট ভাই ও জেএমবি’র সামরিক প্রধান। সম্প্রতি তাকে বিস্ফোরক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে মাসুদ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ২৯ নভেম্বর আদালত পাড়ায় তার হামলা চালানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাদের এলাকারই অপর এহসার সদস্য শরীয়তউল্লাহ বোমা হামলার দায়িত্ব নেয়। এ নিয়ে সে মন খারাপ করলেও সানি তাকে মোবাইলে আশ্বস্ত করে বলে ‘সাথী, তোমার সিরিয়াল পরে’।

মাসুদ জানায়, ২৯ নভেম্বর সকাল ৯টার দিকে হামলাস্থলের অনতিদূরে রাজদিঘীর উত্তর-পূর্ব দিকে ৩/৪জন মিলে শরীয়তউল্লাহর শরীরে বোমা বেঁধে তাকে জজ আদালতে পাঠানো হয় তৎকালীন ভারপ্রাপ্ত জেলা জজের ওপর হামলা চালাতে। কিন্তু জজ আদালতের গেটে পুলিশি বাধা পেয়ে শরীয়তউল্লাহ ঢুকে পড়ে বার লাইব্রেরিতে।

ওই দিনের হামলায় আত্মঘাতী শরীয়তউল্লাহ ও চার আইনজীবীসহ মোট নয়জন প্রাণ হারায়।

জানা গেছে, ১ ডিসেম্বর জেলা প্রশাসন চত্বরে রাজ্জাক দ্বিতীয়বার হামলা চালানোর পর আরিফ চট্টগ্রামে ও আর মাসুদ সিলেটে চলে যায়।

পুলিশ জানিয়েছে, ২৯ নভেম্বরের হামলার আত্মঘাতী শরীয়তউল্লাহ কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।