২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মুকুল আর নেই

বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও অধুনালুপ্ত বাংলার বাণী পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক শফিকুল আজিজ মুকুল শুক্রবার রাজধানীর একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 02:55 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সাংবাদিক মুকুলের মৃত্যুর খবরে তার সহকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ল্যাবএইড কার্ডিয়াক সেন্টারে প্রয়াত সাংবাদিককে মরদেহ দেখার জন্য ছুটে যান। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

শফিকুল আজিজ মুকুল ছিলেন ৬০ দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা। এছাড়া তিনি আওয়ামী লীগের তথ্য সম্পাদক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। মৃত্যুর দিনই দৈনিক ‘আমার দেশ’ পত্রিকায় তার সর্বশেষ লেখাটি ছাপা হয়।

শুক্রবার রাত ১১ টায় তার মরদেহ সিরাজগঞ্জের মোক্তারপাড়ার নিজ বাসভবনে নেয়া হলে সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরী হয়।

এরপর সাংবাদিক মুকুলের মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেয়া হলে সর্বস্তরের নেতাকর্মীরা তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য ভিড় করেন।

এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মির্জা, সাধারণ সম্পাদক এ্যাড: কে এম হোসেন আলী হাসান আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক দেন।

এরপর তার মরদেহ সিরাজগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে নেয়া হয়। এখানে প্রেসক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান হাসান, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের অতিরিক্ত মহাসচিব হেলাল উদ্দিন ফুলের স্তবক দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে জানাজা শেষে শুক্রবার রাতে তাকে দাফন করা হয়েছে।

এর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার এবং আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণেও তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিক মুকুলের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গ এবং রাজনীতিবিদরা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে অকুতোভয় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিক মুকুলের সাহসী ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে আমাদের দেশের সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো।

অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এমপি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুম সাংবাদিক মুকুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক মুকুলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। স্বেচ্ছাসেবক লীগ এক বিবৃতিতে শোক জানায়।