ঢাকা ও খুলনায় র্যাবের ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত
ঢাকা এবং খুলনায় র্যাবের ক্রসফায়ারে শনিবার ভোরে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। রাজধানীর মহাখালীর টিএ্যান্ডটি মাঠের পূর্বপাশে র্যাবের ক্রসফায়ারে শনিবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম লিওন।
র্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডায় চার হত্যা মামলার প্রধান আসামি মামুন ও তার তিন সহযোগী লিওন, শান্ত এবং নাহিদকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রঘুনাথপুর থেকে শুক্রবার গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকতদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা লিওনকে নিয়ে শনিবার ভোরে মহাখালীর টিএ্যান্ডটি মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লিওনের সহযোগিরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় লিওন র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করে।
র্যাব জানায়, ভাড়াটে খুনী লিওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে খুলনার রূপসা উপজেলার দেবীপুরে র্যাবের ক্রসফায়ারে শনিবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম ইসমাইল হোসেন।
র্যাব-৬ জানায়, ইসমাইলকে তার নিজ বাড়ি রূপসার মহিষাগনি পল্লীবাড়ী থেকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করা হয়।
ইসমাইলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দেবীপুরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইসমাইলের সহযোগীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ইসমাইল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ইসমাইলের বিরুদ্ধে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
