২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মুকুল আর নেই

বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও অধুনালুপ্ত বাংলার বানী পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক শফিকুল আজিজ মুকুল শুক্রবার রাজধানীর একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সাংবাদিক মুকুলের মৃত্যুর খবরে তার সহকর্মীসহ বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ল্যাবএইড কার্ডিয়াক সেন্টারে প্রায়ত সাংবাদিককে একনজর দেখার জন্য ছুটে যান। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

শফিকুল আজিজ মুকুল ছিলেন ৬০ দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা। এছাড়া তিনি আওয়ামী লীগের তথ্য সম্পাদক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। মৃত্যুর দিনই দৈনিক আমার দেশ’এ তার সর্বশেষ লেখাটি ছাপা হয়।

জাতীয় প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার এবং আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে সিরাজগঞ্জের পারিবারিক গোরস্থানে শুক্রবার রাতে তাকে দাফন করা হবে।

মুকুলের মৃত্যুতে বিরোধী দল নেতা শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, মুকুলের মৃত্যুতে জাতি একজন নির্ভিক সাংবাদিক হারিয়েছে। জাতির অগ্রগতি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক মুকুলের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সেচ্ছাসেবক লীগ এক বিবৃতিতে অনুরূপ শোক জানায়।