২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোববার পাকিস্তান যাচ্ছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের ইসলামাবাদে তিন দিনের এক সরকারি সফরে রোববার দুপুরে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সফরকালে কৃষি গবেষণা, রপ্তানি উন্নয়ন এবং পর্যটন বিষয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকার এ সফরকে “খুব গুরুত্বপূর্ণ” বলে আখ্যায়িত করেছে।

সার্ক এর চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। তবে

পাকিস্তানী প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এটি হবে একটি দ্বি-পাক্ষিক সফর।

তেতাল্লিশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ৩২ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ সোমবার আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। প্রধানত: দুই দেশের বানিজ্যিক সম্পর্ক, বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং কৃষিখাত এবং পাকিস্তানী বাজারে ৯ ক্যাটাগরিতে ৭৩টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়ে তারা আলোচনা করবেন।

মঙ্গলবার তার সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেওয়া এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে

সোমবার একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

সফরকালে খালেদা জিয়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রান শিবির পরিদর্শন করবেন।