যৌতুকের দাবিতে ৪ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নোয়াবাদী গ্রামে যৌতুকের জন্য শুক্রবার রাতে চার সন্তানের জননী সালেমা বেগম (৪৫) কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াবাদী গ্রামের সহিদ মিয়ার সাথে ২৮ বছর পূর্বে সালেমা বেগমের বিয়ে হয়। প্রায়ই সালেমা বেগমকে তার স্বামী যৌতুকের জন্য মারধোর করতো তবে সম্প্রতি সহিদ মিয়া তার স্ত্রীকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্যে চাপ দেয়। সালেমা বেগম এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সহিদ মিয়া তার ভাই এবং ভাতিজারা তাকে বেদম প্রহার করে হত্যা করে। নিহত সালেমা বেগমের তিন পুত্র এবং এক কন্যা রয়েছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠালে বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
