ভারতে আটক বাবু বিস্ফোরণের দায় স্বীকার করেছে: বাংলাদেশ এখনও কনস্যুলার একসেস পায়নি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিরিজ বোমা বিস্ফোরণসহ বেশকিছু বোমা হামলার দায় স্বীকার করেছে ভারতের মুর্শিবাদাদে আটক জঙ্গি জেএমবি’র যুব স্কোয়াডের সদস্য ওবায়দুর রহমান বাবু ওরফে বাবু ভাই।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার নীরজ সিং বুধবার রাতে সাংবাদিকদের জানান, ১৬ দিনের রিমান্ডের মেয়াদ শেষে বুধবার মুর্শিদাবাদ মহকুমা ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারকের কাছে বাবু ঢাকা, গাজীপুর ও চট্টোগ্রামে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
গত ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জোড়াগাছা গ্রাম থেকে ওবায়দুর রহমান বাবুকে গোয়েন্দারা গ্রেফতার করে।
বার্তাসংস্থা এএফপি গ্রেফতারকৃত যুবককে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান মনে করে খবর পরিবেশন করে। ফলে মুহূর্তেই শায়খ আব্দুর রহামনের আটক হওয়ার খবর ছড়িয়ে দেশ বিদেশের সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। বার্তাসংস্থার ভুল খবরের ভিত্তিতেই বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলের ম্যাধমে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা ঘোষণা করে।
এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের তরফ থেকে রাজ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে বা কনস্যুলার একসেস সুবিধা চেয়ে আবেদন করে। তবে আবেদনের ১০ দিন পরও কোনও উত্তর পায়নি বাংলাদেশ উপ-দূতাবাস।
দূতাবাসের প্রথম সচিব এএএম সালেহ শিবলী জানিয়েছেন, ২৭ জানুয়ারি সরকারিভাবে কনস্যুলার একসেস সুবিধার আবেদন করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত দূতাবাসের কাছে এ সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছেনি।
