ভারত ২০০৬ সালের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেঁড়া নির্মান শেষ করবে
ভারত বাংলাদেশের সীমান্তে বেঁড়া নির্মাণ প্রকল্পের কাজ ২০০৬ সালের মধ্যে শেষ করবে। দিল্লীর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় পরামর্শক কমিটি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
সীমান্ত ব্যবস্থাপনা শীর্ষক সভায় কমিটির সদস্যদের স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাটিল বলেন, বেঁড়া নিমার্ণ কাজ ২০০৬ সালে মধ্যেই শেষ হবে। মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় ওয়েব সাইট রেডিফ এই খবর প্রকাশ করেছে।
সীমান্তে বেঁড়া নিমার্ণকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র মধ্যে সময়ে সময়ে বিরোধ বেঁধে যায়। বাংলাদেশ সরকার থেকে ভারতের কাছে অভিযোগ করা হয়েছে, ভারত প্রায়ই দু’দেশের মধ্যকার চুক্তি এবং আর্ন্তজাতিক নিয়ম ভঙ্গ করে সীমান্তে বেঁড়া নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
সীমান্তে বেঁড়া নির্মাণকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বা উত্তেজনা বিরাজ করে।
ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যাগুলোর মধ্যে সীমান্তে বেঁড়া নির্মাণ একটি অন্যতম প্রধান সমস্যা।
সরকারী পর্যায়ে ও বিভিন্ন সময়ে বিডিআর ও বিএসএফ’র মধ্যে বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে এ সমস্যা নিরসনে আলোচনা হলেও কার্যত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
বাংলাদেশ আর্ন্তজাতিক আইন মেনে ভারতকে তার সীমান্ত বেঁড়া নির্মাণ কাজ চালাতে বললেও ভারত সীমান্তের বিভিন্ন অংশে আর্ন্তজাতিক আইন লংঘন করে সীমান্তের ১৫০ গজের মধ্যে বেঁড়া নিমার্ণ করে আসছে।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসীদের অবাধ যাতায়াত বন্ধ করতে তারা সীমান্তে বেঁড়া নির্মাণ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রী পাটিল পাকিস্তানের সাথে জম্মু ও কাশ্মির সীমান্তে বেঁড়া নির্মাণের কথা উল্লেখ করে বলেন, সেখানে সীমান্ত বেঁড়া নির্মাণ করার ফলে ২০০১ সাল থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের সীমান্ত পথে ভারতে প্রবেশ অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে।
সভায় অংশ গ্রহণ করে কমিটির সদস্যরা বলেন, এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক যে, আমরা আমাদের পশ্চিম সীমান্তে বেঁড়া নির্মাণ করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমকে বহুলাংশে কমাতে পেরেছি।
সভায় সংসদ সদস্যরা সীমান্তে বেঁড়া নির্মাণের মাধ্যমে সীমান্তের সম্ভাব্য আরো সুবিধা গ্রহণের সুযোগ সৃষ্টি করার কথা বলেন। প্রয়োজনে এর সাথে সীমান্তাঞ্চলে বসবাসকারী জনসাধারনকে সম্পৃক্ত করতে তারা পরামর্শ দেন। তারা সীমান্ত অঞ্চলের সাথে দেশের অন্য অংশের আরো যোগাযোগ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
