২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবানগঞ্জে কৃষকদের মধ্যে বিদ্যুৎ ও ডিজেলের জন্য হাহাকার

বিদ্যুৎ ও ডিজেল সংকটের কারনে চাঁপাইনবানগঞ্জের ইরি-বোরো চাষীদের মধ্যে হাহাকার বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আবাদ মৌসুম প্রায় শেষ হয়ে এলেও কৃষকেরা ২০ শতাংশ জমিও চাষাবাদ করতে পারেনি বিদ্যুৎ ও ডিজেল সঙ্কটের কারনে। এর ফলে চাঁপাইনবানগঞ্জের কৃষকদের মাঝে অস্থিরতাও দিন দিন বাড়ছে। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন সংগ্রামের পর এখন ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বিভিন্ন উপজেলার কৃষকদের মাঝে । এই ক্ষোভ পরিনত হচ্ছে বিক্ষোভ মিছিল ঘেরাওয়ে।

চাঁপাইনবানগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রন্ধ্র মৌজার গভীর নলকূপের ড্রাইভার মনিরুল ইসলাম জানান, তার স্কীমের আওতায় ২’শ বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়। কিন্তু বিদ্যুৎ সংকটের কারনে চাষাবাদ সম্ভব হয়েছে মাত্র ৩৭ বিঘা জমিতে।মনিরুল জানান,তিনি এ বছর তার নিজের ১০ বিঘা জমি প্রস্তুত করে,মাত্র ৩ বিঘা জমিতে ধান রোপন করেছেন। তিনি জানান,গত শুক্রবার মাত্র ৫০ মিনিট বিদ্যুৎ ছিল । দিনে রাতে মাত্র ২ ঘন্টা করে বিদ্যুৎ থাকে। অথচ ইরি-বোরো মৌসুমে কমপক্ষে ২২ ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন । সদর উপজেলার গোবরাতলা ইউ,পির একরামুল হক (৫৫) জানান নাধাই কৃষ্ণপুর মৌজায় তার ১২ বিঘা জমির মধ্যে মাত্র ৫ বিঘা জমিতে আবাদ সম্পন্ন করতে পেরেছেন। কিন্তু এই ৫ বিঘা জমির ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তিনি জানান নাধাই কৃষ্ণপুর মৌজায় ৩০০বিঘা জমি গভীর নলকূপের আওতায়। কিন্তু মাত্র ৫০ বিঘা জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। এদিকে গোবরতলায় ৬২ টি গভীর নলকূপের আওতায় ৪ হাজার বিঘা আবাদী জমির মধ্যে সেচ সংকটে পড়ে ৩০০ বিঘা জমিতে ইরি-বোরো চাষ হয়েছে। বালিয়াডাঙ্গা ইউপির চাঁপাই পালসা গ্রামের গোলাম মোস্তফা জানান, আমার মৌজায় ৩৫০ বিঘা জমির মধ্যে সেখানে মাত্র ৩২ বিঘা জমিতে চাষাবাদ হয়েছে। তার নিজের ১০ বিঘা জমির মধ্যে বিদ্যুৎ সংকটের কারনে ৮ বিঘা জমি বোরো চাষের উপযোগী করতে পারেনি। তিনি জানান ৭ দিন থেকে মাঠে যাচ্ছি আর আসছি। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ১ সপ্তাহ পর আবাদ করা আর হবে না।

এদিকে বিদ্যুৎ সংকট নিয়ে পল্লী বিদ্যুত সমিতির ডি.জি.এম মনসুর আহমেদ বলেন, বিদ্যুতের চাহিদা ৩২ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ২/৩ মেগাওয়াট। অন্যদিকে জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, গত দুদিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু কৃষকদের সাথে কথা বলে জানা গেছে অব্যাহত লোড শেডিং, লো ভোল্টেজ সেই সাথে ডিজেল সংকটের কারনে তারা চাষাবাদ করতে পারছেনা। বিদ্যুৎ পরিস্থিতির কোন প্রকার উন্নতি হয়নি । বিদ্যুতের জন্য চাঁপাইনবানগঞ্জের কৃষকদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছেই। এদিকে কৃষকরা অভিযোগ করেছেন পাম্পগুলো চড়া দামে ডিজেল বিক্রি করার কারনে বোরো চাষ ব্যহত হচ্ছে।