২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর লালবাগ থেকে ১২ কেজি কেমিক্যালসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা বুধবার সকালে নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর একটি আস্তানা থেকে ১২ কেজি কেমিক্যালসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

র‌্যাব জানায়, এ ঘটনায় কোনও জেএমবি সদস্যকে তারা গ্রেপ্তার করতে পারেনি।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত সরঞ্জাম ও কেমিক্যালের মধ্যে রয়েছে- তিন কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, চার কেজি লিড এসিড, তিন কেজি কয়লা, চারটি হাত বোমা, চারটি ব্যাটারি, চারটি বৈদ্যুতিক ডেটোনেটর এবং বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম।

র‌্যাব-২ এর কর্মকর্তারা বলেন, তাদের কাছে তথ্য ছিল যে, কয়েকজন জেএমবি সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে লালবাগের ৬৯/২ নম্বর বাড়িতে বোমা তৈরি করছে।

মঙ্গলবার রাতেও ওই বাড়িতে জেএমবি সদস্যরা ছিল কিন্তু বুধবার সকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

একটি সূত্র জানায়, ওই বাড়ির দ্বিতীয় তলা গত ৩ ফেব্রুয়ারি রবি নামের একজন ভাড়া নেয়। কিন্তু সে ওই বাড়িতে একদিনও অবস্থান করেনি।

বিডিনিউজ চট্টগ্রাম ব্যুরো জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) বুধবার বলেছে, চট্টগ্রামে মঙ্গলবার ম্যাচ কারখানার গুদামঘর থেকে উদ্ধারকৃত বিস্ফোরক নিম্নমানের এবং তা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো।

তবে চট্টাল ম্যাচ ফ্যাক্টরির মালিক মোহাম্মদ ইলিয়াস ফারুকী ইসলাম র‌্যাবের কাছে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে।

র‌্যাব পরবর্তীতে নগরীর ৪১ চট্টেশ্বরী রোডের গুদামঘরটি সিল করে দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ বুধবার ভোরে গুদামঘরটি ঘিরে ফেলে এবং সেখান থেকে ৫০ কেজি ওজনের ২০ ড্রাম লাল ফসফরাস, ২৫ কেজি পটাসিয়াম ক্লোরাইড ও ২৫ কেজি ওজনের ৪০ বেল সালফার আটক করে।

র‌্যাবের একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজকে জানান, র‌্যাবের এক বিস্ফোরক বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেন এবং পরবর্তীতে জানান, ওই সব সরঞ্জামাদি আগে ম্যাচ ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়েছিল।

তবে বিস্ফোরক দ্রব্যের মালিক বলেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর বিস্ফোরক দ্রব্যগুলো একটি পরিত্যক্ত বাড়িতে রেখে দেন। কিন্তু র‌্যাব সন্দেহ করছে, ধ্বংসাত্মক তৎপরতা চালাতে দুস্কৃতিকারীরা এই গুদামঘর থেকে বিস্ফোরক সংগ্রহ করেছে।

র‌্যাব বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্য জমা রাখা ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। আর এ ধরনের জমার কাজ প্রচলিত ভূমি আইনের পরিপন্থী।

গুদামঘরটি সিল করে দেওয়ার পর সেটির বিরুদ্ধে ব্যবস্থা দিতে র‌্যাব চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে সুপারিশ করেছে।