স্টার আনন্দ পরিবেশিত সংবাদ বিভ্রান্তিকর: বিডিআর
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার আনন্দ পরিবেশিত বিষ্ফোরক উদ্ধার সংক্রান্ত একটি সংবাদকে বুধবার বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বিডিআর কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্টার আনন্দ পরিবেশিত সংবাদে বলা হয়, সকালে বাংলাদেশ থেকে একটি পণ্যবাহী ট্রেন ভারতে যাওয়ার পর বিএসএফ বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোল থেকে এর একটি বগির মধ্যে সিমেন্টের বস্তায় ভর্তি প্রায় ৫শ’ বস্তা বিস্ফোরক উদ্ধার করে। রিপোর্টে বলা হয়, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো জিঙ্ক আকরিক।
এ ব্যাপারে বুধবার দুপুরে যশোর বেনাপোল পোষ্টের বিডিআর কর্মকর্তা আব্বাসের সাথে কথা হলে তিনি বলেন, “মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে কোন মালবাহী ট্রেন ভারতে ঢোকেনি”। স্টার আনন্দ পরিবেশিত খবরটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তাগুলোতে পুরনো ব্যাটারির ছাই ছিল।
এ প্রসঙ্গে বনগাঁ মহকুমা শাসক ভূদেব বিশ্বাস জানান, উদ্ধারকৃত বিস্ফোরক বোমা তৈরির কাজে ব্যবহার হতে পারে।
বিডিআর জানায়, বিশ্বস্ত সূতে জানা গেছে, পণ্যবাহী ট্রেনটি বিএসএফ সদস্যরা পেট্রাপোল থেকে নয়, জয়ন্তিপুর জংশন থেকে আটক করে। এখান থেকে ৭/৮ রুটে ট্রেন ভারতের বিভিন্ন স্থানে যায়। এ ছাড়া দস্তা সারের জন্য জিঙ্ক বাংলাদেশ আমদানি করে বলে জানায় বিডিআর।
