নবনির্মিত ঘোড়াশাল সেতুর উদ্বোধন ২৭ ফেব্রুয়ারি
শীতলক্ষ্যা নদীর ওপর নবনির্মিত ঘোড়াশাল সেতু এবং কালিগঞ্জ বাইপাস মহাসড়ক ২৭ ফেব্রুয়ারি যানবাহন চলাচলের জন্যে খুলে দেওয়া হবে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার হুদা বলেছেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি মঙ্গলবার ঢাকা বাইপাস মহাসড়ক প্রকল্প এবং ঘোড়াশাল সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় জনগণ এবং প্রকল্প কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৩৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৯শ’ ৯০ মিটার দীর্ঘ ঘোড়াশাল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কাঞ্চন সেতু প্রকল্পের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। ৭৫ কোটি টাকা ব্যয়ে কাঞ্চন সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। মার্চ মাসে এ সেতু উদ্বোধন করা হবে বলে যোগাযোগ মন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে জানান।
