২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেরিডুবিতে আরও ৫ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের কণফুলী নদীতে ফেরি দুর্ঘটনায় ডুবে যাওয়া একটি ট্রাকের মধ্যে থেকে মঙ্গলবার আরও পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশ উদ্ধার করা হয়েছে ছয়টি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিখোঁজ বাকি আটজনের এখনও সন্ধান জানা যায়নি। তাদের অধিকাংশই নারী বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃতরা হচ্ছেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ট্রাকচালক দিলিপ সাহা, নূর বেগম (২৮) ও তার শিশুপুত্র ছোটন (৭), কক্সবাজার জেলার মাদারবাড়ি গ্রামের হানিফা বেগম (৪৫) এবং নূর আলম নামের একজন যাত্রী।

এছাড়া রোববার সকালে ফেরিটি ডুবে যাওয়ার পরপরই হানুফা বেগম (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ডুবে যাওয়া আটটি ট্রাক উদ্ধার করেছে। বাকি একটি ট্রাক উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কর্মকর্তা আরও জানান, ফেরির নিচে চলে যাওয়া লাশগুলো উদ্ধারের কোনও সম্ভাবনা নেই।

এ ব্যাপারে নৌ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের ফেরি সুগন্ধা-২৮ পাথর বোঝাই নয়টি ট্রাক নিয়ে রোববার সকালে কর্ণফুলী নদীতে ডুবে যায়। চালকের অদক্ষতা ও অতিরিক্ত বোঝাই করার ফলে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

দুর্ঘটনার সময়  ট্রাকের চালক ও শ্রমিকসহ ১৮ জন এবং অন্যান্যদের নিয়ে মোট ৩৫ জন যাত্রী ফেরিতে ছিল। তাদের মধ্যে ২২ জন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়। বাকি যাত্রীরা নদীতে ডুবে যায়।

এ ঘটনার ব্যাপারে চট্টগ্রাম সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।