ঢাবিতে ড. আব্দুল জলিল খান স্মরণসভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাবি শিক্ষক সমিতিতে সোমবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া। সভায় অধ্যাপক ড. আব্দুল জলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
বক্তারা বলেন, সৌরশক্তি নিয়ে অধ্যাপক আব্দুল জলিলের অবদান পদার্থ বিজ্ঞানে চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ ও জাতির বিজ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে।
সভায় অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক বদরুল আলম, অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী প্রমুখ মরহুমের স্মৃতি ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
