ময়মনসিংহে ২৪ ঘণ্টার আকস্মিক পরিবহন ধর্মঘট: শত শত লোকের ভোগান্তি
অপেক্ষাকৃত কম ভাড়ায় বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ময়মনসিংহে পরিবহন মালিক ও শ্রমিকরা মঙ্গলবার আকস্মিকভাবে সকাল ৬ টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিলে শত শত যাত্রী ভোগান্তির শিকার হন।
মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে মাত্র কয়েকটি বাস ময়মনসিংহে পৌঁছে। এ সময় ধর্মঘটকারীরা মাশকান্দা বাস টার্মিনালে বিআরটিসি’র একটি বাস আটক করে। মাশকান্দা বাস টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি।
যাত্রীরা আগে থেকে ধর্মঘটের কথা জানত না। এর ফলে তাদের আকস্মিকভাবে এ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
পরিবহন মালিক ও শ্রমিকরা ২০০৫ সালের ১৯ মে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং ২০০৫ সালের ২৮ মে হুইপ জাহেদ আলী চৌধুরী স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে। এছাড়া তারা বেসরকারি নিবন্ধন ব্যতীত বাণিজ্যিকভাবে যানবাহন পরিচালনা বন্ধেরও দাবি জানায়।
