ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে মঙ্গলবার ভোরে বিএসএফ-এর গুলিতে আলমগীর কবির ওরফে আলম মিয়া (২০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
রত্নাই বিওপি’র অনতিদূরে ৩৮২/২-এস নং পিলারের কাছে মঙ্গলবার ভোরে আলম মিয়া জমিতে সেচ দিতে গেলে ভারতের ৪৭নং কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলম মিয়া ওই উপজেলার কাঁশিবাড়ি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
এদিকে বিএসএফ ঘটনার পরে নিহতের লাশ ভারতের ২০০ গজ ভেতরে টেনে নিয়ে যায় এবং লাশ সনাক্তকরণের জন্যে রত্নাই ক্যাম্পের বিডিআরকে পত্র দেয়। পরে স্থানীয় মেম্বার নাজিম উদ্দিন ওপারে গিয়ে লাশ সনাক্ত করেন। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার নিহতের লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে।
চলতি বছরের শুরুতে ঠাকুরগাঁও সীমান্তে এই নিয়ে চারজন এবং ২০০৫ সালে ১১ জন বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয় বলে বিডিআর সূত্রে জানা যায়।
