ঘন কুয়াশায় বিমানের হজ ফ্লাইট গেলো ব্যাংককে, ব্রিটিশ এয়ার আকাশে চক্কর দিলো এক ঘন্টা
ঘন কুয়াশার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট সোমবার সকালে ঢাকায় না নেমে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়।
অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডন ফ্লাইট জিয়ার আকাশে এক ঘন্টা চক্কর দেওয়ার পর বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
এ সব কারণে ওই দুটি ফ্লাইটের যাত্রী ও দর্শণার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের জেদ্দা-ঢাকা রুটের ফিরতি হজ ফ্লাইটটি সকাল সাড়ে ৭ টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো। কিন্তু বিমানের ওই বোয়িং-৭৪৭ উড়োজাহাজটি কুয়াশার কারণে নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।
একই সময় চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরেও ছিলো ঘন কুয়াশা। তাই এর বৈমানিক নিকটবর্তী ওই দুটি বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইটটিকে ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করান।
পরে বেলা ১ টার দিকে ফ্লাইটটি ৫৭৬ জন হাজীকে নিয়ে জিয়া বিমানবন্দরে অবতরণ করে।
অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডন ফ্লাইট ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করতে না পেরে প্রায় একঘন্টা আকাশে চক্কর দেয়। অবশেষে সকাল ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে।
