রাজশাহী সুগার মিলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা
জমিতে প্রচুর পরিমাণ আখ থাকার পরও সরবরাহ না পাওয়ায় চলতি মৌসুমে রাজশাহী সুগার মিলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আখ সরবরাহ না পাওয়ায় ইতোমধ্যে জেলার সুগার মিলের বেশ কয়েকটি ক্রয় কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী সুগার মিল জোনে প্রচুর পরিমাণ আখ দণ্ডায়মান থাকার পরও আখের অভাবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী সুগার মিল জোন এলাকার জমিতে এখনও প্রচুর পরিমাণ আখ দণ্ডায়মান রয়েছে। কিন্তু চাষীরা সরবরাহ না করায় সুগার মিলের চারঘাট এলাকার মনিগ্রাম, বাঘা, গড়গড়ি, আড়ানী, ডাকরা এবং নন্দনগাছী এলাকার বনকিশোর, নিমপাড়াসহ আরও কয়েকটি আখ ক্রয় কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
আবার যেসব এলাকায় ক্রয় কেন্দ্র চালু আছে সেসব এলাকা থেকে গুড় ব্যবসায়ীরা ভাল জাতের আখ কিনে অবাধে অন্যত্র নিয়ে যাচ্ছে।
পবা থানা এলাকার শিতলাই নামক একটি কেন্দ্রে গিয়ে একই চিত্র দেখা গেছে।
জানা গেছে, শিতলাই এলাকায় অবাধে পাওয়ার ক্রাশার দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। প্রশাসন পাওয়ার ক্রাশার জব্দ করায় চাষীরা আখ সরবরাহ বন্ধ করে দিয়েছে কেন্দ্রটিতে।
এ ব্যাপারে আখ চাষীরা জানায়, গুড়ের উচ্চ মূল্যের কারণে এক শ্রেণীর অসাধু গুড় ব্যবসায়ী আগাম চাষীদের কাছ থেকে আখের প্লট কিনে রেখেছে। এ কারণে তারা সুগার মিলে আখ সরবরাহ করতে পারছে না।
রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক বিডিনিউজকে জানান, আখ মাড়াই-এর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭০ হাজার মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৭৫০ মেট্রিক টন।
তিনি বলেন, এখনও মাঠে প্রায় ৪০ হাজার মেট্রিক টন আখ দণ্ডায়মান রয়েছে। কিন্তু চাষীরা মিলে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।
