২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক ড. তাহের হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ঢাবি শিক্ষক সমিতির মিছিল-সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শিক্ষক সমিতি সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মৌন মিছিলও আয়োজন করেছে। শিক্ষকগণ বেলা ১১টা থেকে দু’ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

ঢাবি শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ রোববার এক আলোচনায় রাবি’র ভূতত্ব বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. তাহেরের হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. তাজমেরী এসএ ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান।

আলোচনায় ড. তাহেরের হত্যাকাণ্ডে ধিক্কার জানানো হয়। আলোচকরা বলেন, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডটি ঢাবি’র অধ্যাপক হুমায়ুন আজাদ এবং রাবি’র অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হত্যার বিচারে অবহেলার কারণেই সংঘটিত হয়েছে।

তারা আরো বলেন, মুক্ত মনের অধিকারী, অন্যায়ের প্রতিবাদকারী এবং প্রগতিশীল ব্যক্তিদের একের পর এক এভাবে হত্যা করা হচ্ছে। সরকার জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সভা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিশ্বদ্যিালয়ের শিক্ষকদের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়, ড. তাহেরের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুত চালু না করলে ঢাবি শিক্ষক সমিতি আরো কঠোর প্রতিবাদ কর্মসূচি নেবে।