প্রধানমন্ত্রীর সফরের আগে কুমিল্লায় নকল ফ্লাক্স বোমা উদ্ধার
প্রধানমন্ত্রীর কুমিল্লা সফরের মাত্র তিনদিন আগে জেলার লাকসাম উপজেলার ধানবাজার থেকে নকল ফ্লাক্স বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ একথা জানায়।
ধানবাজারের লিটন ব্রাদার্সে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিন অপরিচিত ব্যক্তি ফ্লাক্স বোমা নিয়ে এসে চাঁদা দাবি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। তবে চাঁদাবাজ তিন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আওরঙ্গজেব মাহাবুব বিডিনিউজিকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে নকল বোমা বলে আখ্যায়িত করে।
তিনি আরও জানান, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ একাজ করেছিল। এর আগে পুলিশ জানায়, কয়েকটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুমিল্লা সফরের মাত্র তিনদিন আগে এই নকল বোমা উদ্ধার করা হলো।
