মোল্লাহ আমজাদ এফইআরবি’র চেয়ারম্যান ও মাহমুদ হাফিজ নির্বাহী পরিচালক নির্বাচিত
এনার্জি অ্যান্ড পাওয়ার এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ও দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার মাহমুদ হাফিজ বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরামের (এফইআরবি) যথাক্রমে চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার এফইআরবি’র পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া এনটিভি’র মোস্তফা ফিরোজ ভাইস চেয়ারম্যান, সমকালের সবুজ ইউনুস উন্নয়ন ও অর্থনীতি পরিচালক, ইউএনবি’র সদরুল হাসান প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক, ইত্তেফাকের সাগর সারোয়ার তথ্য পরিচালক, সংবাদের রোজিনা ইসলাম সমাজকল্যাণ পরিচালক এবং বিডিনিউজ’র জাহিদ নেওয়াজ খান জুয়েল ও নয়াদিগন্তের নাজমুল ইসলাম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এফইআরবি’র ৫৭ জন সদস্যের মধ্যে ৫৪ জন সদস্য ভোট প্রদান করেন। পেট্রোবাংলার সাবেক জেনারেল ম্যানেজার কাজী গোফরান আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক বজলুর রহমান এবং জ্বালানি বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন নির্বাচন পরিচালনা করেন।
এর আগে সকালে এফইআরবি’র বর্তমান চেয়ারম্যান বদিউল আলমের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট হত্যার ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ২৩ জানুয়ারি বিদুৎ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
