রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানহোল থেকে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিমপাড়া শিক্ষক কোয়ার্টার এলাকার ম্যানহোল থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম তাহের গত বুধবার ঢাকা থেকে রাজশাহী পৌঁছাবার কয়েক ঘন্টা পর থেকেই নিখোঁজ ছিলেন।
দু’দিন যাবৎব্যাপক খোঁজাখুঁজির পর পুলিশ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সামনে ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহী পৌঁছে ঢাকায় বসবাসরত তার স্ত্রী ও সন্তানদের ফোন করে তার পৌঁছাবার খবর দেন। রাত সাড়ে নয়টার পর তার স্ত্রী ও সন্তানরা তার সাথে মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হবার পরই থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নিখোঁজ হবার সংবাদ পাবার পরপরই পুলিশকে খবর দেয়। দু’দিন অনুসন্ধানের পর পুলিশ ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করে।
অধ্যাপক তাহের ছিলেন সাবেক ভূতত্ব বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডীন এবং বিজ্ঞান ও কারিগরী ওয়ার্কশপের প্রশাসনিক দায়িত্বে ছিলেন।
এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে পুলিশ ধারণা করছে।
তার মাথায় এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে মোশাররফ হোসেন, আলফাজ এবং জাহাঙ্গীর নামে তিনজন গার্ডকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
