প্রবীণ জননেতা মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক মহলের গভীর শোক প্রকাশ
আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলির সদস্য, প্রবীণ জননেতা, প্রখ্যাত রাজনীতিদি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাঙ্গালী জাতির স্বাধিকার, স্বায়ত্বশাসন ও স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সংগঠক এবং চাঁদপুরের কৃতি সন্তান মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।
স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে মিজানুর রহমান চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাঁর শোকবাণীতে বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন ছাড়াও তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে এদেশে গণতন্ত্র চর্চায় ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন মরহুম মিজানুর রহমান চৌধুরী তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সহনশীলতা ও যুক্তিবাদিতার অনুশীলন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো।
মৃত্যুর খবর শুনে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে ছুটে যান। তিনি মরহুমের কফিনে পুস্পার্ঘ নিবেদন করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, সৈয়দ আবুল হোসেন, মেজর (অব:) রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও নূর এ আলম চৌধুরী লিটন।
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পৃথক শোক বাণীতে তারা বলেন মুক্তিযুদ্ধের সংগঠক জনাব মিজানুর রহমান চৌধুরী একজন অভিজ্ঞ ও দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ-সদস্য থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবককে হারালো।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সরকারের মন্ত্রী পরিষদের যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম, নৌপরিবহণ মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেন (অব.), পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম।
পৃথক পৃথক শোকবার্তায় তারা বলেন দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে মিজান চৌধুরীর ভূমিকা অনস¦ীকার্য। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালো।
মন্ত্রীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুর মতিন মাস্টার ও সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, যুগ্ম মহাসচিব এজাজ মুক্তা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান সংগঠনের পক্ষে শোকবার্তা পাঠান। তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রখ্যাত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউ’তে বৃহস্পতিবার রাত পৌনে ৪ টায় মৃত্যূবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। চিকিৎসকরা এর আগে গুরুতর অসুস্থ্য প্রয়াত নেতাকে গত ২১ জানুয়ারি থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।
